চার ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্থগিত রাখার নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
রাডার ও যোগাযোগব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে শুক্রবার (১৩ নভেম্বর) কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিট থেকে পুনরায় ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়। এতে দেশজুড়ে বিমান চলাচল আবার শুরু হলেও শিডিউল স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টা ৩৬ মিনিটের দিকে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় অস্বাভাবিকতা ধরা পড়ে। রাডার, যোগাযোগ নেটওয়ার্ক এবং নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে সমস্যা দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে সব ধরনের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এফএএ। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয় এবং বিপাকে পড়েন হাজারো যাত্রী।
পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণে ব্যবহৃত পুরোনো প্রযুক্তির ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে পুরোনো রাউটার ও সুইচিং ব্যবস্থায় বিপুল পরিমাণ তথ্যের চাপ সামাল দিতে সমস্যা হচ্ছিল। ফলে বিভিন্ন নিয়ন্ত্রণকেন্দ্রে তথ্য আদান-প্রদানে অসংগতি দেখা দেয়। তবে সমস্যার কারণে পুরো রাডার বা যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে যায়নি বলে জানান তিনি।
ডাফি আরও জানান, উড্ডয়ন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এফএএর নিয়ন্ত্রণকেন্দ্রগুলো আবার কার্যক্রম শুরু করেছে। তবে ফ্লাইটের সময়সূচি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। যেসব উড়োজাহাজকে মাঝপথে অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে এবং যেসব ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে, সেগুলোর প্রভাব পরবর্তী কয়েক দিনও থাকতে পারে। পরিস্থিতি সামাল দিতে বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা পুনর্বিন্যাস করা হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন পরিবহনমন্ত্রী। তাঁর মতে, কয়েক দশক পুরোনো প্রযুক্তির ওপর নির্ভরশীলতার কারণে এ ধরনের সংকটের ঝুঁকি তৈরি হচ্ছে। এ খাতের অবকাঠামো সংস্কারে কংগ্রেসের কাছে অতিরিক্ত ৩০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানিয়েছে প্রশাসন। অন্যদিকে, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে কোনো সাইবার হামলা বা নাশকতার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। মাইক্রোসফটের সাম্প্রতিক প্রযুক্তিগত বিভ্রাটের সঙ্গেও এর যোগসূত্র নেই।
বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার সময় অন্তত ৬০০টি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজের পাশাপাশি পণ্য পরিবহন ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাও বিঘ্নিত হয়। বিশেষ করে নিউইয়র্ক, শিকাগো, ডেনভার ও ওয়াশিংটনের বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভোগান্তি দেখা দেয়।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে এফএর নোটাম (নোটিস টু এয়ার মিশনস) ব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ হয়েছিল। এরপর এবারই প্রথম দেশটির সব বিমানবন্দরে একযোগে এমন নিষেধাজ্ঞা জারি করা হলো।
মতামত দিন