সৌদিকে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন
সৌদি আরবের কাছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য প্রস্তাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চুক্তি বাস্তবায়িত হলে রিয়াদ পাবে ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান।
তবে বিক্রির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রস্তাবটি কংগ্রেসের পর্যালোচনা ও অনুমোদনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
প্যাকেজে ৪৮টি যুদ্ধবিমানের পাশাপাশি ৪৯টি প্র্যাট অ্যান্ড হুইটনি ইঞ্জিন, যোগাযোগ সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ ও অন্যান্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।
এফ-৩৫ স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান। এই প্রযুক্তির কারণে শত্রুপক্ষের রাডারে বিমানটি শনাক্ত করা কঠিন হয়।
মধ্যপ্রাচ্যে বর্তমানে একমাত্র ইসরায়েলের কাছেই এই যুদ্ধবিমান রয়েছে। প্রায় এক দশক ধরে দেশটি এফ-৩৫ পরিচালনা করছে।
সৌদি আরব দীর্ঘদিন ধরে এফ-৩৫ কেনার চেষ্টা করছে। ২০২৫ সালের শুরুতে দেশটি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যুদ্ধবিমানটি কেনার আগ্রহ জানায়। রিয়াদের দাবি, বিমানবাহিনী আধুনিক করা এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় এফ-৩৫ প্রয়োজন।
ওয়াশিংটনে সৌদি দূতাবাস প্রস্তাবিত বিক্রিকে স্বাগত জানিয়েছে। দূতাবাস বলেছে, এটি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্ব এবং প্রতিরক্ষা সহযোগিতার আরও একটি ধাপ।
মতামত দিন