Views Bangladesh Logo

২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইনস বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইনসের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া অব্যাহত রাখলে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন।

সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের কোনো বিমান অবতরণ করলে তাতে জ্বালানি সরবরাহ করা যাবে না। একই সঙ্গে ল্যান্ডিং ও অন্যান্য বিমানবন্দর সেবা দেওয়া এবং ইরানি এয়ারলাইনসের টিকিট বিক্রির বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক লেনদেন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান অর্থনৈতিক চাপের অংশ হিসেবে নতুন এই পদক্ষেপের ঘোষণা এসেছে। চলতি মাসের শুরুতে আগে নিষেধাজ্ঞার আওতায় না থাকা কয়েকটি ইরানি এয়ারলাইনস এবং দেশটির বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান চলাচল খাত সংকটের মধ্যে রয়েছে। নিষেধাজ্ঞার ফলে দেশটির এয়ারলাইনসগুলোর জন্য নতুন উড়োজাহাজ কেনা, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। নতুন মার্কিন পদক্ষেপ কার্যকর হলে আন্তর্জাতিক রুটে ইরানি বিমান সংস্থাগুলোর কার্যক্রম আরও বাধাগ্রস্ত হতে পারে।

ইরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র বিভিন্ন খাতে নিষেধাজ্ঞা ও পরোক্ষ নিষেধাজ্ঞার আওতা বাড়াচ্ছে। এর মধ্যে জ্বালানি, নৌপরিবহন, প্রযুক্তি, স্বর্ণ ও ডিজিটাল সম্পদ খাতে ইরানের সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠানগুলোও রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে আগামী ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে ইরানকে ঘিরে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার চীনের কর্মকর্তাদের সঙ্গে নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসেন্ট।

তিনি আরও দাবি করেছেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের প্রক্রিয়ায় চীনা কর্মকর্তারা ‘পুরোপুরি যুক্ত’ রয়েছেন। চীনের শীর্ষ অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ