Views Bangladesh Logo

দোভালের সঙ্গে টানা দুই দিন বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

বাংলাদেশ সফরের ১০ দিনের মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পরপর দুই দিন বৈঠক করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এ তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, সার্জিও গর ও অজিত দোভালের মধ্যে দুটি ‘ফলপ্রসূ’ বৈঠক হয়েছে। পরপর দুই দিন তাঁরা বৈঠকে বসেন।

জয়সোয়াল বলেন, বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত ও যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অনেক অভিন্ন লক্ষ্য রয়েছে এবং পারস্পরিক যোগাযোগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই বাড়ছে।

বৈঠকে অভিন্ন লক্ষ্য অর্জন এবং কূটনৈতিক সম্পৃক্ততা আরও বাড়াতে দুই দেশ একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছে বলে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন সার্জিও গরও। তিনি জানান, অজিত দোভালের সঙ্গে তাঁর ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে এবং বৈঠকে মার্কিন-ভারত কৌশলগত সহযোগিতা নিয়ে কথা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক নতুন কোনো বিষয় নয়। তবে সার্জিও গরের ক্ষেত্রে টানা দুই দিনের বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এর কারণ, গর শুধু ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নন। তিনি একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত। ফলে তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফরের পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ধারাবাহিক বৈঠক আঞ্চলিক কূটনীতিতে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ