ক্যালিফোর্নিয়ায় উড্ডয়নের পরই বিধ্বস্ত মার্কিন বি-৫২ বোমারু বিমান
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
বিমানটিতে থাকা ক্রুদের কেউ হতাহত বা আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
দুর্ঘটনার পর এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। সব আগত বিমানকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে এবং জরুরি উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সাময়িকভাবে অসামরিক দর্শনার্থীদের প্রবেশও স্থগিত করা হয়েছে।
বিধ্বস্ত বিমানটি ছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস, যা ১৯৫০-এর দশক থেকে দেশটির দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রচলিত ও পারমাণবিক—উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম এই বিমান এখনো যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার হামলা সক্ষমতার অন্যতম প্রধান ভিত্তি।
ঘটনাস্থলের আকাশপথে ধারণ করা ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিস্তীর্ণ এলাকা পুড়ে যাওয়ার চিত্র দেখা গেছে। উদ্ধারকারী দল সেখানে তল্লাশি ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে। তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।
মতামত দিন