গ্রুপ পর্ব থেকে বিদায়ে উরুগুয়ে দলের চার্টার্ড ফ্লাইট বাতিল
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে গ্রুপ পর্বেই। টানা দ্বিতীয়বারের মতো প্রথম রাউন্ড পেরোতে না পারার হতাশা এতটাই তীব্র যে দেশে ফেরার জন্য আগেই বুকিং দেওয়া চার্টার্ড ফ্লাইটও বাতিল করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)।
উরুগুয়ের সংবাদমাধ্যম এল পাইস ও টিভি নেটওয়ার্ক টেনফিল্ড জানিয়েছে, বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর দলগতভাবে দেশে ফেরার পরিকল্পনা পরিবর্তন করেছে এইউএফ। আগে যেখানে পুরো দলকে একটি চার্টার্ড বিমানে মেক্সিকোতে থাকা বেস ক্যাম্প থেকে রাজধানী মন্টেভিডিওতে ফিরিয়ে নেওয়ার কথা ছিল, সেখানে এখন খেলোয়াড় ও কোচিং স্টাফরা আলাদাভাবে বাণিজ্যিক ফ্লাইটে নিজ নিজ গন্তব্যে রওনা হবেন। কেউ ফিরবেন উরুগুয়েতে, আবার অনেকেই সরাসরি নিজ নিজ ক্লাবে যোগ দেবেন।
এবারের বিশ্বকাপে 'এইচ' গ্রুপে পড়েছিল উরুগুয়ে। প্রথম দুই ম্যাচে সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে ড্র করায় শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না। কিন্তু সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ১-০ গোলে হেরে বিদায় নিশ্চিত হয় ফেদেরিকো ভালভার্দেদের।
গ্রুপ পর্ব শেষে স্পেন ও কেপ ভার্দে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে উরুগুয়ে।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ এবং ১৯৫০ সালে ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জেতা উরুগুয়ের জন্য এটি আরেকটি হতাশার অধ্যায়। ২০২২ বিশ্বকাপের পর এবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী দলটিকে। ফলে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা, কোচিং স্টাফের অবস্থান এবং স্কোয়াড পুনর্গঠন নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে দেশটির ফুটবল মহলে।
বিশ্বকাপ থেকে অকাল বিদায়ের হতাশার মধ্যেই চার্টার্ড ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত উরুগুয়ের ফুটবলে বিরাজমান হতাশার চিত্রই আরও স্পষ্ট করে তুলেছে।
মতামত দিন