‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির জেরে শোরুমে তালা, অবশেষে দুই কর্মীকে ছাড়ল পুলিশ
রাজধানীর বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিক্রয়কেন্দ্রে শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির অভিযোগে শোরুমে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সেখানকার দুই কর্মীকেও নিয়ে গিয়ে কিছু সময় আটকে রাখা হয়। পরে পুলিশের মধ্যস্থতায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাবাজারের ইউপিএল বিক্রয়কেন্দ্রে এ ঘটনা ঘটে। ইউপিএলের পক্ষ থেকে জানানো হয়, এ সময় দুই যুবক সেখানে গিয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি কিনতে চান। কর্মীরা তাঁদের বইটি দেখালে তাঁরা বইটি বিক্রি করা নিয়ে আপত্তি তোলেন।
একপর্যায়ে ওই দুই যুবক আশপাশের লোকজনকে জড়ো করেন। পরে বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই সময়ে বিক্রয়কেন্দ্রের দুই কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বলে ইউপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইউপিএল জানিয়েছে, ওই দুই কর্মীকে পরে সদরঘাট এলাকার লালকুঠি ঘাটে আটকে রাখা হয়। প্রতিষ্ঠানটির দাবি, তাঁদের নিয়ে যাওয়া ব্যক্তিরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।
এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুই কর্মীকে থানায় নেওয়া হয়নি। তাঁদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছিল। সেখানে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি ২০২৪ সালের পর আর ছাপানো হয়নি। বইটি আর বিক্রি না করার শর্তে পুলিশ ফাঁড়ি থেকেই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও করা হয়নি বলে জানান ওসি।
ইউপিএল ২০১২ সালে ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশ করে। বইটিতে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, কারাবাস এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় উঠে এসেছে। বইটির সম্পাদনা করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান।
মতামত দিন