Views Bangladesh Logo

অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিল ইউপিডিএফ, ৮ দফা দাবি

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রট (ইউপিডিএফ)। পাশাপাশি, সংগঠনের নেতা-কর্মীদের মুক্তির দাবিসহ ৮ দফা দাবি পেশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইউপিডিএফ-এর সংগঠক মাইকেল চাকমা তার সংগঠনের সমর্থন প্রকাশের পাশাপাশি তাদের দাবিসমূহ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ইউপিডিএফ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে মাইকেল চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনও স্বাধীনতার স্বাদ পায়নি। পাহাড়ে এখনও পরিবর্তনের হাওয়া পৌঁছেনি।

তিনি অভিযোগ করেন, সমতলে অন্যায়ভাবে আটক রাজবন্দিরা মুক্তি পেতে শুরু করলেও পার্বত্য চট্টগ্রামে বন্দি ইউপিডিএফ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এখনও মুক্তি পায়নি।

পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে প্রকৃত ও অর্থবহ সংস্কার হতে পারে না উল্লেখ করে মাইকেল চাকমা বলেন, পার্বত্য শান্তি চুক্তিকে একটি অপূর্ণাঙ্গ চুক্তি মনে করে ইউপিডিএফ। পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন বা নিপীড়নমূলক অবস্থা বহাল রেখে দেশে গণতন্ত্র কায়েম সম্ভব নয়।

ইউপিডিএফ-এর ২৯ জন সদস্যকে এখনও বন্দি রাখা হয়েছে বলেও দাবি করে মাইকেল চাকমা বলেন আদালত থেকে জামিন লাভের পর জেল গেট থেকে পুনরায় গ্রেপ্তার বন্ধ করতে হবে।

সদ্য ‘আয়নাঘর’ থেকে মুক্তি পাওয়া এই সংগঠক দাবি করেন, যেন সদ্যবিদায়ী শেখ হাসিনা সরকারের আমলে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা ও হুলিয়া প্রত্যাহার করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ