নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধ করে দেওয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না নেওয়া দেশের সব কিন্ডারগার্টেন স্কুল ২০২৮ সালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার বিকেলে চট্টগ্রামের পিটিআই কনফারেন্স হলে ‘প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে নিবন্ধনহীন কিন্ডারগার্টেনগুলোকে নিয়মের আওতায় আনা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না নেওয়া দেশের সব কিন্ডারগার্টেন স্কুল ২০২৮ সালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।
তিনি বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমও সরকারের নজরদারির আওতায় আনা হবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নতুন নীতিমালায় শিক্ষকদের দায়িত্বশীলতা, কর্মপরিবেশ ও জবাবদিহিতাকে গুরুত্ব দেওয়া হবে।
মতামত দিন