Views Bangladesh Logo

ঢামেক হাসপাতালের বাথরুম থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি বাথরুম থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝখানের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহবাগ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দেখা যায়, বাথরুমের ওপরের লোহার পাইপে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তিনি ঝুলছিলেন। তাঁর শরীর থেকে রক্ত ঝরে বাথরুমের মেঝেতে জমে ছিল।

খবর পেয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তরুণীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তিনি হাসপাতালের রোগী, দর্শনার্থী নাকি বাইরে থেকে এসেছিলেন, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা জানান, তরুণীর পায়ের নিচে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। তাঁর পরিচয় শনাক্ত ও ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ