বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, প্রধানমন্ত্রী বালেন শাহের পদত্যাগ দাবি
বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুবসমাজের ক্রমবর্ধমান হতাশাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিনে তিন তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এসব ঘটনার পর সরকারবিরোধী ক্ষোভ আরও তীব্র হয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, যুবসমাজের কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি। এ কারণে বিপুলসংখ্যক তরুণ হতাশায় ভুগছেন।
জেন-জি নেপাল নামের একটি সংগঠন দাবি করেছে, সরকারের সাম্প্রতিক বাজেট ও নীতিমালায় যুবকদের কর্মসংস্থান বা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার মতো বাস্তবসম্মত পদক্ষেপ নেই। তাদের অভিযোগ, বর্তমান সরকার জনস্বার্থবিরোধী নীতি অনুসরণ করছে।
এদিকে, প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল নেপালি কংগ্রেস। দলটির দাবি, রাষ্ট্রের নীতিগত ব্যর্থতা এবং কর্মসংস্থানের সংকট দেশের তরুণদের মধ্যে গভীর হতাশা তৈরি করেছে।
বিক্ষোভকারীরা দ্রুত কর্মসংস্থানমুখী নীতি গ্রহণ এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছেন।
মতামত দিন