Views Bangladesh Logo

বিশ্বজুড়ে বাড়ছে টিকা-নিরোধক রোগের প্রাদুর্ভাব: জাতিসংঘের সতর্কতা

বিশ্বজুড়ে হামের মতো টিকা-নিরোধক রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। এর পেছনে রয়েছে ভুল তথ্যের বিস্তার, জনসংখ্যা বৃদ্ধি, মানবিক সংকট এবং আন্তর্জাতিক সহায়তার ঘাটতি। বুধবার (২৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এমন সতর্কতা দিয়েছে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং টিকা জোট গ্যাভি।

বিশ্ব টিকাদান সপ্তাহ (২৪-৩০ এপ্রিল) উপলক্ষে দেয়া এ বিবৃতিতে বলা হয়, এসব কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং অনেক দেশেই স্বাস্থ্যব্যয়ও বেড়ে যাচ্ছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, ‘গত পাঁচ দশকে টিকা ১৫ কোটিরও বেশি মানুষের প্রাণ বাঁচিয়েছে। অথচ এখন অর্থায়ন সংকটে এসব অর্জন হুমকির মুখে।’

বিশেষ করে ‘হাম’ রোগ বিশ্বব্যাপী নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ২০২১ সাল থেকে প্রতি বছর এর সংক্রমণ বেড়েছে, আর ২০২৩ সালে এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় প্রায় ১ কোটি ৩ লাখে—২০২২ সালের তুলনায় যা ২০ শতাংশ বেশি। গত ১২ মাসে ১৩৮টি দেশ হাম সংক্রমণের খবর দিয়েছে, যার মধ্যে ৬১টি দেশে বড় ধরনের বা বিশৃঙ্খল প্রাদুর্ভাব দেখা গেছে। ২০১৯ সালের পর এটি সর্বোচ্চ।

গ্যাভি ও ইউনিসেফ আশঙ্কা করছে, এই প্রবণতা ২০২৪ ও ২০২৫ সালেও অব্যাহত থাকতে পারে।

বিবৃতিতে আরও জানানো হয়, শুধু হাম নয়—আফ্রিকার অনেক দেশে ২০২৪ সালে মেনিনজাইটিস ও ইয়েলো ফিভারের সংক্রমণও বেড়েছে।

টিকা কার্যক্রমে বাধার অন্যতম কারণ অর্থায়ন সংকট। ইউনিসেফ প্রধান ক্যাথরিন রাসেল বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে আমরা সংঘাতপ্রবণ ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর ১ কোটি ৫০ লাখেরও বেশি শিশুকে হাম প্রতিরোধী টিকা দিতে পারছি না।’

বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির পরে অনেক দেশ টিকাদান ঘাটতি পূরণে উদ্যোগ নিলেও শিশুদের মধ্যে নিয়মিত টিকা গ্রহণের হার আবারও কমে এসেছে। ২০২৩ সালে প্রায় ১ কোটি ৪৫ লাখ শিশু কোনো টিকাই পায়নি, যা ২০২২ সালের তুলনায় ২০ শতাংশ বেশি।

গত ১২ মাসে ১৩৮টি দেশ হাম সংক্রমণের কথা জানানো হয়েছে প্রতিবেদনে। এর মধ্যে ৬১টি দেশে বড় ধরনের বা বিশৃঙ্খল প্রাদুর্ভাব দেখা গেছে—যা ২০১৯ সালের পর সর্বোচ্চ।

এই পরিস্থিতিতে গ্যাভি আগামী ২৫ জুন অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনের আগে অন্তত ৯ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের লক্ষ্য নিয়েছে। এ অর্থ দিয়ে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ৫০ কোটি শিশুকে সুরক্ষা দেয়ার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে অন্তত ৮০ লাখ প্রাণ রক্ষা করা সম্ভব হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ