Views Bangladesh Logo

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে আজ দ্বিতীয় দফার অনানুষ্ঠানিক ভোট

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় আজ শুক্রবার দ্বিতীয় দফায় অনানুষ্ঠানিক ভোট দিতে যাচ্ছে নিরাপত্তা পরিষদ। প্রার্থীদের মধ্যে কার প্রতি সদস্য দেশগুলোর কতটা সমর্থন রয়েছে, তা যাচাই করতেই গোপন এ ভোট অনুষ্ঠিত হবে।

এর আগে গত জুলাইয়ে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছিলেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যই ওই ভোটে অংশ নেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং তাদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

দ্বিতীয় দফার প্রতিযোগিতায় গ্রিনস্প্যানের পাশাপাশি রয়েছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট, ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এস্পিনোসা, গায়ানার ক্যারোলিন রদ্রিগেজ-বির্কেট, উগান্ডার ওলার ওতুনু এবং সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল। প্রথম দফার পর ইকুয়েডরের ইভোনে এ-বাকিও প্রার্থিতার ঘোষণা দিয়ে প্রতিযোগিতায় যোগ দিয়েছেন।

আন্তর্জাতিক সংকট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ড্যানিয়েল ফোর্তির মতে, দ্বিতীয় দফার ভোটে প্রতিযোগিতার গতিপথ সম্পর্কে কিছুটা স্পষ্ট ধারণা মিলতে পারে। প্রথম দফায় এগিয়ে থাকা প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে পেরেছেন কি না, নাকি তাদের সমর্থন কমেছে, ভোটের ফলাফলে সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে এবারই কোনো প্রার্থী বড় ব্যবধানে এগিয়ে যাবেন, এমন সম্ভাবনা কম বলে মনে করছেন তিনি।

মহাসচিব নির্বাচনে নয়টি ভোট পাওয়া গুরুত্বপূর্ণ হলেও শুধু সংখ্যাগরিষ্ঠতা পেলেই কোনো প্রার্থী নির্বাচিত হতে পারবেন না। পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটি দেশ আপত্তি বা ভেটো দিলে সেই প্রার্থীর প্রক্রিয়া থেমে যাবে। বর্তমান বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে নানা ইস্যুতে মতবিরোধ থাকায় নির্বাচন প্রক্রিয়াটি জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া জানিয়েছেন, প্রয়োজনে নতুন প্রার্থীও প্রতিযোগিতায় আসতে পারেন। কোনো প্রার্থীকে নিয়ে অচলাবস্থা তৈরি হলে বিকল্প কাউকে সামনে আনার সুযোগ রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত নিরাপত্তা পরিষদে ঐকমত্যে কোনো প্রার্থী উঠে এলে তার নাম সাধারণ পরিষদে পাঠানো হবে। বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে।

সূত্র: বাসস

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ