Views Bangladesh Logo

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে।

বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ১২৮টি দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ৬টি দেশ এবং ভোটদানে বিরত থাকে ৩৩টি দেশ। আজ ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।

প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর অতিবাহিত হলেও তাদের প্রত্যাবাসনে কোনো অর্থবহ অগ্রগতি অর্জিত হয়নি, বরং দীর্ঘায়িত এ বাস্তুচ্যুতির কারণে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে নানামুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

রাষ্ট্রদূত সঞ্চিতা হক গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি, ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা, তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

প্রস্তাবটি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি স্পষ্টভাবে বলেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে মিয়ানমারেই।

প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র এ ব্যাপারে ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের একটি সাধারণ বিরোধিতার অবস্থান রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে স্পষ্ট করে দেশটি।

একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ