আদিবাসী ধাত্রীদের প্রশিক্ষণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের
আদিবাসী জনগোষ্ঠীর মাতৃ ও শিশুসেবায় ধাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনায় প্রসবকালীন সেবা সংক্রান্ত প্রশিক্ষণে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রোববার (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। গুতেরেস বলেন, স্বাস্থ্যসেবায় অধিকারভিত্তিক পদ্ধতি এগিয়ে নিতে জাতিসংঘ সদস্য দেশ ও আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে কাজ করে যাচ্ছে।
জাতিসংঘ মহাসচিব বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় তথ্যের ঘাটতির কারণে অনেক সময় আদিবাসী রোগীরা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অদৃশ্য থেকে যান। এই পরিস্থিতি দূর করতে সরকারগুলোকে আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্থ্যসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে।
একই সঙ্গে ধাত্রী এবং প্রসবকালীন সেবায় দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, মানসম্মত মাতৃসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত ধাত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আদিবাসী নারীদের নিজেদের শরীর ও স্বাস্থ্যসেবা সম্পর্কে জেনে-বুঝে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বানও জানান গুতেরেস। তিনি বলেন, নারীদের স্বাস্থ্যসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামত ও অধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
বিভিন্ন গবেষণার তথ্য তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, আদিবাসী ধাত্রীরা মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বাড়াতে এবং চিকিৎসাসেবার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মতামত দিন