Views Bangladesh Logo

আফগানিস্তান–পাকিস্তানকে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দুই দেশকে উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার এক বিবৃতিতে মহাসচিব বলেন, চলমান সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা উভয় পক্ষের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। সীমান্তে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, গুতেরেস সীমান্তে দুই দেশের পাল্টাপাল্টি হামলার খবর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলার জন্য উভয় পক্ষকে তাগিদ দিয়েছেন।

সাম্প্রতিক দিনগুলোতে আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।


সীমান্তে সংঘর্ষে পাকিস্তানের ৫৫ সেনা নিহত এবং কয়েকজন আটক করা হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের দুটি সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট দখল করা হয়েছে, তবে সংঘর্ষে আফগান বাহিনীর আটজন সেনা নিহত ও ১১ জন আহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, চলমান সংঘর্ষে আফগান তালেবানের ৭২ যোদ্ধা নিহত হয়েছে এবং তাদের দুই নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন। উভয় পক্ষই একে অপরের হামলার জবাব হিসেবে অভিযান চালানোর দাবি করেছে। খবর আনাদোলু এজেন্সির।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ