Views Bangladesh Logo

৪৫০ ড্রোন ও ৭০ ক্ষেপণাস্ত্রের হামলা: ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় বড় আঘাত

উক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে দেশটির বিদ্যুৎ ব্যবস্থার ওপর এটিই সবচেয়ে বড় আকারের হামলাগুলোর একটি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, সোমবার পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে রুশ বাহিনী অন্তত ৪৫০টি বিস্ফোরকবাহী ড্রোন এবং ৭০টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এদিন ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কিয়েভ সফরে ছিলেন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তার এই সফরের প্রতিক্রিয়াতেই হামলাটি চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠান ডিটেক এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরে বিদ্যুৎ ব্যবস্থার ওপর এটিই সবচেয়ে বড় হামলা। রুশ হামলায় তাদের ১০ কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের সম্ভাবনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক যখন চূড়ান্ত পর্যায়ে, তখনই এই হামলার ঘটনা ঘটল।

জেলেনস্কি তার বার্তায় বলেন, ইউক্রেনে বর্তমানে তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস, রাতে তা প্রায়ই মাইনাস ২০ ডিগ্রিতে নেমে যায়। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি ও আতঙ্ক ছড়াতেই এই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সূত্র: এএফপি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ