দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার
দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশত্যাগের চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। দেশটির জাতীয় দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো অব ইউক্রেন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, ‘মিডাস’ নামে পরিচিত একটি দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত গালুশচেঙ্কো গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কারা হেফাজতে আছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
গালুশচেঙ্কো প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে প্রায় ১০ কোটি মার্কিন ডলার অবৈধভাবে উপার্জন ও বিদেশে পাচারের অভিযোগ ওঠে।
অভিযোগে বলা হয়, তিনি প্রভাব খাটিয়ে জ্বালানি খাতে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে বিনিয়োগের সুযোগ করে দেন। এছাড়া রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনার্গোঅ্যাটম-এর বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে চুক্তির বিপরীতে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর ২০২৫ সালের নভেম্বরে তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। অবশেষে দেশ ছাড়ার চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার হলেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কো-সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতি ইস্যু দীর্ঘদিন ধরে ইউক্রেনের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এ কারণেই ইউরোপীয় ইউনিয়ন-এ ইউক্রেনের সদস্যপদ প্রক্রিয়া এখনও ঝুলে রয়েছে। সূত্র: আলজাজিরা
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে