ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় কাতারের সঙ্গে ইউক্রেনের চুক্তি
ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি মোকাবিলায় কাতারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে ইউক্রেন। উপসাগরীয় দেশ কাতার সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তির আওতায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে দুই দেশ যৌথভাবে কাজ করবে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং আকাশপথে হামলার ঝুঁকি বাড়ার প্রেক্ষাপটে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে উপসাগরীয় বিভিন্ন দেশে সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তার দেশ ইতোমধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে।
জেলেনস্কি বলেন, কাতারের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তি ১০ বছরের জন্য কার্যকর থাকবে। একই ধরনের চুক্তি সৌদি আরবের সঙ্গে ইতোমধ্যে হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও শিগগিরই করা হবে।
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশটি বর্তমানে কম খরচে কার্যকর ড্রোন প্রতিরোধ ব্যবস্থা তৈরিতে বিশ্বে অন্যতম অগ্রগামী হিসেবে বিবেচিত।
বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তির মাধ্যমে উপসাগরীয় দেশগুলো ইউক্রেনের আধুনিক ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি থেকে সুবিধা পাবে। অন্যদিকে ইউক্রেন আশা করছে, এসব দেশের কাছ থেকে উন্নতমানের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাবে, যা রাশিয়ার হামলা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া হরমুজ প্রণালির নিরাপত্তা পুনঃস্থাপনে সম্ভাব্য ভূমিকা রাখার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে