দুই রাত ধরে মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা
টানা দ্বিতীয় রাতের মতো রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (৬ মে) দেশটির বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, হামলার কারণে নিরাপত্তার স্বার্থে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। পরে তা আবার চালু করা হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাতে তারা ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।
এ বিষয়ে সামাজিকমাধ্যমে মস্কোর মেয়র সের্গেই সোব্যানিন বলেন, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, ধ্বংসাবশেষ শহরে প্রবেশের একটি প্রধান মহাসড়কে পড়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে খারকিভের মেয়র জানিয়েছেন, রাশিয়া ওই রাতেই খারকিভ শহরসহ কিয়েভ অঞ্চলেও ড্রোন হামলা চালিয়েছে।
জানা গেছে, সোমবার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের নতুন করে প্রবেশের চেষ্টার খবরের পর এই হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, রোববার (৪ মে) রাশিয়ার তিওতকিনো গ্রামের কাছে কুরস্ক অঞ্চলে একটি ড্রোন কমান্ড ইউনিটে হামলা চালানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে