Views Bangladesh Logo

হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না যুক্তরাজ্য: স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাজ্য যুক্ত হবে না।

সোমবার (১৩ এপ্রিল) বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে স্টারমার বলেন, “আমরা এই অবরোধকে সমর্থন করছি না,” এবং যুক্তরাজ্যকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে জড়ানো হবে না বলেও স্পষ্ট করেন।

তিনি বলেন, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যায়, তাই প্রণালীটি দ্রুত ও পুরোপুরি চালু রাখা অত্যন্ত জরুরি। “আমাদের সব প্রচেষ্টা প্রণালীটি খোলা রাখার দিকেই কেন্দ্রীভূত,” যোগ করেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে, গ্রিনিচ মান সময় দুপুর ২টা থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানকারী সব নৌযান চলাচল বন্ধ করা হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই অবরোধ সব দেশের জাহাজের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হবে।

ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশও। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবলেস বলেছেন, প্রস্তাবিত নৌ অবরোধ “কোনো অর্থই বহন করে না।” তুরস্ক দ্রুত প্রণালীটি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। চীনও এই পরিকল্পনার নিন্দা করে ইরান ও যুক্তরাষ্ট্রকে পুনরায় যুদ্ধ পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারে ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে একটি সম্মেলনের আয়োজন করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ