ইরানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: স্টারমার
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানে ব্রিটিশ সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই।
সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে স্টারমার বলেন, এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াতে চাই না।
তিনি জানান, যুক্তরাজ্য বর্তমানে শুধুমাত্র প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে। এসব পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা, জাতীয় স্বার্থ রক্ষা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করা।
হরমুজ প্রণালিতে উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ সচল রাখতে যুক্তরাজ্য কাজ চালিয়ে যাবে। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কোনোভাবেই এই সংঘাতে নিজেদের জড়াবে না ব্রিটেন।
যদিও সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না, তবুও কিছু কৌশলগত পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অনুমতি দেওয়া এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুদ্ধবিমান মোতায়েন করা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে