ইসরায়েল গাজা সংকট না থামালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
চলমান গাজা সংঘাত বন্ধে ইসরায়েল যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। মঙ্গলবার এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
প্রধানমন্ত্রী স্টারমার জানান, যুক্তরাজ্য একটি 'নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল' এবং 'কার্যকর ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র' -এর পক্ষে অবস্থান নেয়। তবে তিনি সতর্ক করে বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এখন হুমকির মুখে। ইসরায়েল গাজায় সহিংসতা না থামালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি যুক্তরাজ্যের পক্ষ থেকে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হবে।
তিনি ইসরায়েলকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার, জাতিসংঘের ত্রাণ কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি দেওয়ার এবং পশ্চিম তীরে দখল প্রক্রিয়া বন্ধের আহ্বান জানান।
একই সঙ্গে স্টারমার হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, সংগঠনটিকে জিম্মিদের মুক্তি দিতে হবে, অস্ত্র পরিত্যাগ করতে হবে এবং গাজার শাসন থেকে সরে দাঁড়াতে হবে।
মানবিক বিপর্যয়ের আশঙ্কা তুলে ধরে স্টারমার বলেন, প্রতিদিন অন্তত ৫০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধানের ওপর জোর দেন।
যুক্তরাজ্য বর্তমানে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনার প্রতি সমর্থন জানাচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েল—সবাই হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে একটি স্বীকৃত ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের শাসনভিত্তিক ভূমিকা ভবিষ্যতে জটিলতা সৃষ্টি করতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে