Views Bangladesh Logo

অনলাইনে নারী নিপীড়ন ঠেকাতে যুক্তরাজ্যের ২.৭ কোটি পাউন্ডের বিশেষ কর্মসূচি

অনলাইনে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি ঠেকাতে ‘থ্রাইভ’ নামে নতুন একটি কর্মসূচি চালু করেছে যুক্তরাজ্য সরকার। কর্মসূচির জন্য ২ কোটি ৭০ লাখ পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্মেলনের তারিখও চূড়ান্ত করেছে দেশটি।

আগামী বছরের ২৭ ও ২৮ এপ্রিল লন্ডনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) এ ঘোষণা দেয়।

যুক্তরাজ্য সরকারের তথ্যানুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নারীদের অনুসরণ ও হয়রানি এবং সম্মতি ছাড়া তাঁদের ঘনিষ্ঠ ছবি তৈরি বা ছড়িয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে। থ্রাইভ কর্মসূচির মাধ্যমে এসব অপরাধ মোকাবিলা করা হবে। এর অংশ হিসেবে প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলোর সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য, যাতে শুরু থেকেই পণ্যগুলো নিরাপদ হয়। এ জন্য স্বয়ংক্রিয়ভাবে ছবি ঝাপসা করে দেওয়া এবং বয়সসীমা নির্ধারণের মতো ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন দেশকে অনলাইন নিরাপত্তা আইন শক্তিশালী করতে এবং সীমান্ত পেরিয়ে অপরাধ করার ফাঁকফোকর বন্ধ করতে আইনি ও প্রযুক্তিগত সহায়তা দেবেন যুক্তরাজ্যের অর্থায়নে নিয়োজিত বিশেষজ্ঞরা।

কর্মসূচির আওতায় সম্মতিবিহীন ঘনিষ্ঠ ছবির অপব্যবহার-সংক্রান্ত বৈশ্বিক ক্লিয়ারিং সেন্টারের পরিধি বাড়ানো হবে। এতে বেশি দেশ, প্ল্যাটফর্ম ও সহায়তা সংস্থা একসঙ্গে ক্ষতিকর কনটেন্ট শনাক্ত, রিপোর্ট ও অপসারণ করতে পারবে। পাশাপাশি সরকারগুলোর জন্য একটি ‘মডেল ন্যাশনাল ফ্রেমওয়ার্ক’ তৈরি করা হবে। এটি আইন, নীতি ও প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সামঞ্জস্য আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এআই নির্মাতা ও উদীয়মান বাজারের ডিজিটাল স্টার্টআপগুলোকেও ঝুঁকি চিহ্নিত ও সমাধানে বিশেষজ্ঞ সহায়তা দেওয়া হবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, অনলাইন নিপীড়ন জাতীয় সীমানা মানে না। কয়েক সেকেন্ডের মধ্যে বাস্তব বা এআই-নির্মিত ছবি বিশ্বের যেকোনো প্রান্তে ছড়িয়ে পড়তে পারে। অনলাইন নিরাপত্তা আইন জোরদার করতে এবং উদীয়মান প্রযুক্তির ফাঁক গলে অপরাধীদের পার পাওয়া ঠেকাতে যুক্তরাজ্য আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ৮৫ শতাংশ নারী অনলাইন সহিংসতা দেখেছেন বা এর শিকার হয়েছেন। যুক্তরাজ্যের ‘রিভেঞ্জ পর্ন হেল্পলাইনে’ অনলাইনে ছবির অপব্যবহারের অভিযোগ ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে ১ হাজার ৪৬৩ শতাংশ বেড়েছে। নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বিষয়ক দেশটির পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী উমা কুমারান বলেন, প্রতি তিনজন নারীর একজন জীবদ্দশায় নির্যাতনের শিকার হন। এই সহিংসতা বিশ্বের অন্যতম বড় অবিচার।

লন্ডনের সম্মেলনে সরকার, বেসরকারি সংস্থা, বেসরকারি খাত, দাতব্য প্রতিষ্ঠান ও বহুপাক্ষিক সংস্থার পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তি ও প্রভাবশালী ব্যক্তিরাও অংশ নেবেন। সরকারগুলো সেখানে সুনির্দিষ্ট অঙ্গীকার করবে এবং পরে তার অগ্রগতি জানাবে। ২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাজ্য এক দশকে দেশটিতে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য ঘোষণা করেছিল। সম্মেলন সেই উদ্যোগেরই ধারাবাহিকতা।

এর বাইরে ভুক্তভোগীদের নিয়ে একটি আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড গঠন করা হচ্ছে, যাতে তাঁদের অভিজ্ঞতা নীতিনির্ধারণে ভূমিকা রাখে। ‘ব্রেভ মুভমেন্ট’-এর সঙ্গে অংশীদারত্বে এটি গঠিত হবে। ২০২২ সালে যাত্রা শুরু করা সংগঠনটি শিশু ও কিশোরদের যৌন সহিংসতামুক্ত জীবন নিশ্চিত করতে কাজ করে। পারিবারিক নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য সীমান্ত পেরিয়ে সুরক্ষা জোরদারের উপায় খুঁজতেও আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করেছে যুক্তরাজ্য।

দেশটির অনলাইন সেফটি অ্যাক্টে ঘনিষ্ঠ ছবির অপব্যবহার, সাইবারফ্ল্যাশিং ও শ্বাসরোধকে অগ্রাধিকারমূলক অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। প্ল্যাটফর্মগুলোকে এখন সম্মতি ছাড়া ছড়ানো ঘনিষ্ঠ ছবি জানানোর ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হয়। এ ছাড়া ক্রাইম অ্যান্ড পুলিশিং বিলের সংশোধনীতে ‘নিউডিফিকেশন অ্যাপ’কে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এআই-চালিত এসব অ্যাপ নারী ও মেয়েদের কৃত্রিম যৌন ছবি তৈরি করে।

প্রসঙ্গত, চলতি বছর যুক্তরাজ্যের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কোয়ালিশন টু এন্ড ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস’ গঠিত হয়। এর সদস্য দেশ যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মরক্কো, স্পেন, জামাইকা, বসনিয়া ও হার্জেগোভিনা, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ