Views Bangladesh Logo

ফকল্যান্ড ব্যানার নিয়ে ফিফায় অভিযোগ ব্রিটিশ সরকারের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব দাবি করে আর্জেন্টিনার খেলোয়াড়দের ব্যানার প্রদর্শনের ঘটনায় বিষয়টি তদন্ত করতে ফিফাকে আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার এই আহ্বান জানানো হয়।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে উদযাপনের সময় গ্যালারি থেকে সমর্থকদের ছুঁড়ে দেওয়া একটি ব্যানার হাতে তুলে নেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা—মাঠে যাদের মধ্যে ছিলেন জিওভানি লো সেলসো ও নিকোলাস ওতামেন্দি। ব্যানারে স্প্যানিশ ভাষায় লেখা ছিল—‘লাস মালভিনাস সন আরহেনতিনাস’, যার অর্থ ‘মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’। খেলোয়াড়েরা হাসিমুখে ব্যানারটি তুলে ধরে গ্যালারির দিকে হাত নাড়েন।

ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক প্রকৃতির যেকোনো ব্যানার, পতাকা, লিফলেট বা অনুরূপ সামগ্রী প্রদর্শন নিষিদ্ধ। সংস্থাটির শৃঙ্খলাবিধি অনুযায়ী, রাজনৈতিক, মতাদর্শগত, ধর্মীয় কিংবা আপত্তিকর প্রকৃতির যেকোনো বার্তার জন্য খেলোয়াড় বা সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে ফিফা।

যুক্তরাজ্যের বাণিজ্যবিষয়ক মন্ত্রী পিটার কাইল এই ঘটনাকে ‘সম্পূর্ণ অনুপযুক্ত’ আচরণ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ফিফা যেন বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে, সেটাই তার প্রত্যাশা।

আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে নিজেদের ভাষায় ‘ইসলাস মালভিনাস’ নামে অভিহিত করে থাকে। ১৮১৬ সালে স্পেন থেকে স্বাধীনতা পাওয়ার পর দ্বীপপুঞ্জটি নিজেদের উত্তরাধিকারসূত্রে পাওয়া বলে দাবি করে আসছে দেশটি। আর তাদের ভাষ্য অনুযায়ী ১৮৩৩ সালে অবৈধ ঔপনিবেশিক পদক্ষেপে এই দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নেয় ব্রিটেন। ১৯৮২ সালে তৎকালীন সামরিক সরকারের নির্দেশে দ্বীপপুঞ্জটিতে অভিযান চালায় আর্জেন্টিনা, যার জেরে বেধে যায় প্রায় ১০ সপ্তাহের এক যুদ্ধ। সেই যুদ্ধে জয়ী হয় ব্রিটেন, আর দ্বীপপুঞ্জের বাসিন্দাদের সিংহভাগ এখনো ব্রিটেনের সঙ্গে থাকতে চান বলে জানিয়ে আসছেন। ওই যুদ্ধে প্রাণ হারান ৬৪৯ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সেনা।

রাজনৈতিক ব্যানার নিয়ে বিতর্ক এবারের বিশ্বকাপে এটাই প্রথম নয়। এর আগে লস অ্যাঞ্জেলেসে ইরানের ম্যাচের সময় ইরানি বংশোদ্ভূত আমেরিকান দর্শকেরা তেহরান সরকারবিরোধী প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিত বিপ্লব-পূর্ব ইরানি পতাকা উড়িয়েছিলেন।

আগামী রোববার নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার কথা আর্জেন্টিনার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ