‘ট্রাম্পের ফোনে’ বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত, ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ উয়েফা
বিশ্বকাপের নকআউট পর্বে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা স্থগিত করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফিফার এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন’ ও ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে সংস্থাটি।
গত ১ জুলাই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের পিঠের ওপর পা রাখার ঘটনায় ভিএআর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখেন বালোগান। প্রচলিত নিয়ম অনুযায়ী, এর ফলে তিনি এক ম্যাচের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হন।
তবে ফিফা পরে জানায়, তাদের শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। ফলে তিনি বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন।
ফিফার এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করে উয়েফা এক বিবৃতিতে জানায়, লাল কার্ডের পর অন্তত এক ম্যাচের নিষেধাজ্ঞা ফুটবলের মৌলিক নিয়মের অংশ। চলমান টুর্নামেন্টে একজন খেলোয়াড়ের ক্ষেত্রে ব্যতিক্রম তৈরি করলে প্রতিযোগিতার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে।
সংস্থাটি আরও বলেছে, এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে একটি বিতর্কিত নজির তৈরি করবে। একই পরিস্থিতিতে অন্য খেলোয়াড়রাও একই ধরনের সুবিধা দাবি করতে পারেন, যা প্রতিযোগিতার সুষ্ঠু পরিচালনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফাকে ধন্যবাদ জানিয়ে দাবি করেন, তারা ‘সঠিক সিদ্ধান্ত’ নিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বালোগানের লাল কার্ডের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন।
এ ঘটনায় বেলজিয়াম ফুটবল ফেডারেশনও বিস্ময় প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য আইনি ও আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
বাংলাদেশ সময় সোমবার রাতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। জয়ী দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।
মতামত দিন