ঢাকায় মেডিকেল রেফারেল সেন্টার চালু করল ইউসিএসআই হাসপাতাল
মালয়েশিয়াভিত্তিক ইউসিএসআই গ্রুপের প্রতিষ্ঠান ইউসিএসআই হাসপাতাল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে মেডিকেল রেফারেল সেন্টার চালু করেছে। ঢাকার বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে স্থাপিত এ রেফারেল সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর এমেরিটাস দাতুক ড. সিতি হামিসাহ বিনতি তাপসির ফিতা কেটে রেফারেল সেন্টারটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাইট ইনস্টিটিউট অব লার্নিংয়ের (আইআইএল) চেয়ারম্যান ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মোজুমদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কুশাইরি, ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাডেমিক) প্রফেসর ড. এইচ এম জহির, প্রভোস্ট মেজর সুমান সুবহান (অব.) এবং আইআইএলের পরিচালক ও সচিব ড. মুহাম্মদ খালেদ।
উদ্বোধনের পর অতিথিরা নতুন স্থাপিত রেফারেল সেন্টারটি ঘুরে দেখেন। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জরুরি চিকিৎসা সহায়তা দেওয়ার পাশাপাশি বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিতে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও প্রশাসনিক সমন্বয় করবে এ সেন্টার।
ইউসিএসআই হাসপাতাল মালয়েশিয়ার একটি বেসরকারি হাসপাতাল, যেখানে জনসেবামূলক একটি শাখাও রয়েছে। এর মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে কাজ করছে হাসপাতালটি। হাসপাতালটিতে ১৩০টি শয্যা রয়েছে।
হাসপাতালটি বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্যসেবা ও চিকিৎসাবিজ্ঞানের উন্নয়নেও ভূমিকা রাখছে। সাধারণ চিকিৎসার পাশাপাশি ইউসিএসআই হাসপাতালে ক্যানসার চিকিৎসা (অনকোলজি), হৃদরোগ (কার্ডিওলজি), সার্জারি, নাক-কান-গলা (ইএনটি), অর্থোপেডিকসসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হয়।
মতামত দিন