Views Bangladesh Logo

উবারের ভারত ও দক্ষিণ এশিয়ার প্রধান প্রভজিৎ সিংয়ের পদত্যাগ

রাইড শেয়ারিং কোম্পানি উবারের ভারত ও দক্ষিণ এশিয়া বিভাগের প্রেসিডেন্ট প্রভজিৎ সিং পদত্যাগ করেছেন। এর মাধ্যমে কোম্পানিটিতে তার দীর্ঘ ১০ বছরের পথচলার সমাপ্তি হলো।

প্রভজিৎ সিংয়ের নেতৃত্বে উবার ভারতে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে সেবার পরিধি বাড়িয়েছে। উবারের এক মুখপাত্র জানিয়েছেন, ভারত তাদের বৈশ্বিক বাজারগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও উদ্ভাবনের বড় উৎস।

উবারের মুখপাত্র বলেন, বর্তমান ব্যবসার শক্ত অবস্থান বহু বছরের পরিশ্রমী দল ও ভিত্তির ফল। উবারে এক দশকের নেতৃত্ব ও অবদানের জন্য আমরা প্রভজিৎকে ধন্যবাদ জানাই। ভারতে প্রবৃদ্ধির পরবর্তী ধাপের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তবে এখনো প্রভজিৎ সিংয়ের স্থলাভিষিক্ত কে হবেন, তা ঘোষণা করেনি উবার। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নেতৃত্ব পরিবর্তনের পরিকল্পনা জানাতে পারে প্রতিষ্ঠানটি। এদিকে, প্রভজিৎ সিং অন্য একটি নেতৃত্বমূলক দায়িত্ব নিতে পারেন বলে জানা গেছে।

প্রভজিৎ সিং ২০১৫ সালের আগস্টে উবারে যোগ দেন। শুরুতে তিনি জেনারেল ম্যানেজার ও স্ট্র্যাটেজি প্রধান হিসেবে কাজ করেন। পরে ভারত ও দক্ষিণ এশিয়ার ব্যবসার দায়িত্ব নেন। ২০২০ সালের জুনে তিনি অঞ্চলটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান।

তার মেয়াদকালে উবার ভারতের টিয়ার-২ শহর ও মেট্রোর বাইরের বাজারে কার্যক্রম জোরদার করে। পাশাপাশি উবার মোটো, উবার অটো, আন্তঃনগর ভ্রমণসহ বিভিন্ন সেবা চালু করে।

এছাড়া চালক ও ফ্লিট অপারেটরদের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর পাশাপাশি উবার অ্যাপে মেট্রো টিকিট বুকিংয়ের মতো নতুন সুবিধাও যুক্ত করা হয়েছে। বর্তমানে কয়েকটি শহরে উবারের মাধ্যমে মেট্রো টিকিট বুকিং সুবিধা চালু রয়েছে।

প্রভজিৎ সিংয়ের পদত্যাগের সময় ভারতে উবারকে স্থানীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান র‌্যাপিডো এবং নতুন প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সির মতো প্রতিযোগীদের সঙ্গে লড়াই করতে হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ