Views Bangladesh Logo

ঈদগাহে নয়, মসজিদে ঈদের নামাজের সিদ্ধান্ত আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতে চলতি বছর পবিত্র ঈদুল ফিতরের নামাজ কেবল মসজিদেই আদায় করা হবে। দেশটির জেনারেল অথরিটি অফ ইসলামিক অ্যাফেয়ার্স, এনডাউমেন্টস অ্যান্ড জাকাত এক ঘোষণায় জানিয়েছে, এবার কোনো ঈদগাহ বা খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

বুধবার (১৮ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই সিদ্ধান্ত পুরো দেশের জন্য প্রযোজ্য। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জামাতগুলো সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাধারণত ঈদুল ফিতরের নামাজ বড় পরিসরে খোলা মাঠ বা ঈদগাহে অনুষ্ঠিত হয়। তবে এবার বিশেষ পরিস্থিতির কারণে সেই প্রচলিত নিয়মে পরিবর্তন এনেছে আমিরাত সরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সব মসজিদে মুসল্লিদের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতেই একই নিয়ম কার্যকর থাকবে। মুসল্লিদের নির্ধারিত নির্দেশনা ও গাইডলাইন মেনে মসজিদে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে মসজিদগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় গণমাধ্যম ও সরকারি প্ল্যাটফর্মে নিয়মিত নির্দেশনা ও হালনাগাদ তথ্য দেওয়া হচ্ছে।

এদিকে, সরকারের এই সিদ্ধান্তে প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই নিরাপত্তার স্বার্থে এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কেউ যেন খোলা স্থানে ঈদের জামাতের জন্য জমায়েত না হন।

রমজান শেষে শাওয়াল মাসের চাঁদ দেখার পর নির্ধারিত সময়েই দেশের সব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


সূত্র: গালফ নিউজ

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ