Views Bangladesh Logo

ইরান, লেবানন ও ইরাক ভ্রমণে আরব আমিরাতের নিষেধাজ্ঞা

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান, লেবানন এবং ইরাক ভ্রমণে নিজ দেশের নাগরিকদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ‘অঞ্চলটির বর্তমান পরিস্থিতি’ বিবেচনা করে নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোতে ভ্রমণ করা যাবে না।

নিষেধাজ্ঞা জারির পাশাপাশি যারা বর্তমানে ওই তিনটি দেশে অবস্থান করছেন, তাদেরকে অবিলম্বে সংযুক্ত আরব আমিরাতে ফেরার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়াও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ জরুরি নম্বর চালু করা হয়েছে। সেখানে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি এই অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাতের পর দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গত ৮ এপ্রিল টানা ৪০ দিনের যুদ্ধের পর ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। অন্যদিকে, গত ১৬ ও ১৭ এপ্রিলের মধ্যরাতে কার্যকর হয় ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি।

সূত্র: সিনহুয়া

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ