Views Bangladesh Logo

বেনজীর আহমেদকে ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণের অনুরোধ জানালো আমিরাত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। লন্ডন থেকে এশিয়ার একটি দেশে যাওয়ার পথে দুবাই ট্রানজিটে তিনি গ্রেপ্তার হন বলে জানা গেছে।

গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকা শাখায় একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি নথিপত্রসহ আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) জমা দিতে বাংলাদেশকে অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, গ্রেপ্তারের পর বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়। আদালত দেশটির ফেডারেল আইন নং ৩৯/২০০৬-এর ১১ নম্বর ধারা অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দেয়।

দুবাই থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ (নম্বর: A-5174/4-2025) অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আইন অনুযায়ী, এই গ্রেপ্তারের পর ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ দাখিল করা বাধ্যতামূলক, অন্যথায় আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।

আরও বলা হয়েছে, প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু নথি আরবি ভাষায় অনুবাদ করে সঠিক সিলমোহর ও স্বাক্ষরসহ জমা দিতে হবে। এসব নথির মধ্যে রয়েছে: অভিযুক্ত ব্যক্তির পূর্ণ পরিচয়, অভিযোগের বিস্তারিত বিবরণ, প্রযোজ্য আইনি ধারা ও সর্বোচ্চ শাস্তির তথ্য, আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত প্রতিবেদন এবং প্রযোজ্য ক্ষেত্রে আদালতের রায় ও সাজা সংক্রান্ত দলিল।

এ ঘটনায় এখনো বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে বিষয়টি আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ