যাত্রাবাড়ীতে রিকশাভ্যানের চাপায় দুই বছরের শিশু নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় বাসার সামনে খেলতে গিয়ে মালবোঝাই রিকশাভ্যানের চাপায় জোনায়েদ হোসেন নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় ভাড়া বাসার সামনে খেলছিল জোনায়েদ। খেলার একপর্যায়ে শিশুটি রাস্তায় চলে আসে। এ সময় ওই সড়ক দিয়ে একটি মালবোঝাই রিকশাভ্যান যাওয়ার সময় সেটির একটি চাকা শিশুটির ওপর দিয়ে উঠে যায়। এতে জোনায়েদ গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জোনায়েদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
জোনায়েদ হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন পাটওয়ারীর হাট গ্রামে। তার বাবা জামির হোসেন পেশায় অটোরিকশাচালক। পরিবারের সঙ্গে তারা যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
মতামত দিন