দুইবারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই
ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, কোচ এবং দুইবারের ব্যালন ডি’অরজয়ী কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
সোমবার (২০ জুলাই) তার পরিবার ও সাবেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেড মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। চলতি বছরের জানুয়ারিতে কিগানের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জুন মাসে চিকিৎসকেরা জানান, তিনি চতুর্থ পর্যায়ের ক্যান্সারে ভুগছিলেন।
নিজের সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে পরিচিত কিগান ছিলেন দুর্দান্ত গতি, অদম্য লড়াইয়ের মানসিকতা এবং নেতৃত্বগুণের জন্য সমাদৃত। ছোটখাটো গড়নের কারণে ভক্তরা তাকে স্নেহভরে ‘মাইটি মাউস’ নামে ডাকতেন।
ক্লাব ক্যারিয়ারে লিভারপুলের হয়ে অসাধারণ সাফল্য অর্জন করেন কিগান। ক্লাবটির হয়ে তিনটি ফার্স্ট ডিভিশন (বর্তমান প্রিমিয়ার লিগ) শিরোপা, একটি এফএ কাপ, দুটি ইউয়েফা কাপ এবং ১৯৭৭ সালে লিভারপুলের প্রথম ইউরোপিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর জার্মান ক্লাব হামবুর্গে যোগ দিয়ে ১৯৭৯ সালে বুন্দেসলিগা শিরোপা জেতেন। একই সময়ে টানা দুই বছর, ১৯৭৮ ও ১৯৭৯ সালে ইউরোপের বর্ষসেরা ফুটবলারের সম্মানজনক ব্যালন ডি’অর জিতে নিজের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান।
ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে ৬৩টি ম্যাচ খেলেছেন কিগান। এতে তিনি ২১টি গোল করেন এবং ৩১টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও সফল ছিলেন কিগান। ১৯৯২ সালে নিউক্যাসল ইউনাইটেডের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে আবারও ইংল্যান্ডের শীর্ষ লিগে ফিরিয়ে আনেন। আক্রমণাত্মক ও দর্শকপ্রিয় ফুটবল উপহার দিয়ে তিনি প্রশংসা কুড়ান। পরবর্তীতে তিনি ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া ফুলহাম ও ম্যানচেস্টার সিটির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।
কেভিন কিগানের মৃত্যুতে বিশ্ব ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খেলোয়াড় ও কোচ হিসেবে তার অবদান ফুটবল ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
মতামত দিন