দারুসসালামে বাবার নির্যাতনে আহত ২ মাসের শিশুর মৃত্যু
রাজধানীর দারুসসালামের গৈদ্দারটেক এলাকায় বাবার নির্যাতনে আহত দুই মাস বয়সী শিশু সাবিহা মারা গেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে পারিবারিক কলহের জের ধরে শিশুটিকে গলা টিপে ও মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যান তার বাবা হৃদয় খান। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
অভিযুক্ত হৃদয়ের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা গ্রামে। তিনি পরিবার নিয়ে মিরপুরের দারুসসালাম এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
এ বিষয়ে শিশুটির মা লাবনী আক্তার জান্নাতি জানান, এক বিরিয়ানি দোকানে কর্মরত হৃদয়ের সঙ্গে দেড় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তার বিয়ে হয়। হৃদয়ের আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল। বিয়ের পর তারা একটি কন্যাসন্তানই চেয়েছিলেন এবং সাবিহার জন্ম হয়। তবে হৃদয় প্রায়ই মেয়েকে মেরে ফেলার হুমকি দিতেন এবং মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করতেন, যা তার মানসিক অসুস্থতার ইঙ্গিত দেয়।
ঘটনার দিনের বর্ণনা দিয়ে লাবনী আক্তার জানান, সকালে পরিবারের সবাই এক সঙ্গেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করেই শিশুটিকে মারধর ও গলা টিপে জখম করে বাসায় থাকা ৫০০ টাকা নিয়ে পালিয়ে যান হৃদয়। সাবিহার গলা ও গালে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকেই অভিযুক্ত হৃদয় খান পলাতক রয়েছেন।
মতামত দিন