বন্ধ হয়ে গেল ঢাকার দুই দশক পুরোনো ‘কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মল’
রাজধানীর শান্তিনগর-কাকরাইল মোড়ে অবস্থিত কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স বন্ধ হয়ে গেছে। ব্যবসায়িক মন্দা, ক্রেতাসংকট ও বিপুল পরিমাণ বকেয়া বিলের কারণে গত ১ অক্টোবর থেকে মার্কেটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। প্রায় দুই দশক ধরে পরিচিত এই শপিং কমপ্লেক্সটি আর চালু করার পরিকল্পনা নেই। বরং ভবনটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা।
সোমবার (২৬ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, মার্কেটটির মূল ফটকে শাটার নামানো। সেখানে ঝুলছে বন্ধের নোটিশ। এতে লেখা রয়েছে, ‘১/১০/২০২৬ ইং তারিখ হতে শপিং কমপ্লেক্স বন্ধ থাকিবে’।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৯৮ সালে কর্ণফুলী গ্রুপের হাত ধরে যাত্রা শুরু করে ২০ তলা ভবনটি। এর নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত ছিল শপিং মল। চতুর্থ তলায় ছিল ফুড কোর্ট ও বাগান। চালুর সময় মার্কেটটিতে দোকান ছিল ১৯৮টি। তবে বন্ধের সময় ভেতরে মাত্র ১৭টি দোকান খোলা ছিল। বাইরের রেস্তোরাঁসহ চালু দোকানের সংখ্যা ছিল মোট ২৫টি।
মার্কেটটি বন্ধ হওয়ার কারণ ব্যাখ্যা করে মালিক সমিতির সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ ওসমানী আনন্দ শাহ বলেন, এক দিনে এই পরিস্থিতির সৃষ্টি হয়নি। গত এক দশকের অব্যবস্থাপনা, দেশের অর্থনৈতিক মন্দা ও ব্যবসায়িক কার্যক্রম কমে যাওয়ার সম্মিলিত প্রভাব পড়েছে মার্কেটটির ওপর।
দীর্ঘদিনের পরিচিত শপিং কমপ্লেক্সটি বন্ধ হয়ে যাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন মালিক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ শাহ। তিনি বলেন, ‘আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কারণ আমার বাচ্চারা এখানে এসে শপিং করত। তারা বলত, এখানে আমার বাবার দোকান আছে, আমার বাবা মার্কেটের মালিক সমিতির সাধারণ সম্পাদক। আমি নিজেও বিষয়টি অনুভব করতাম। কিন্তু এখন আমিও সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি।’
তিনি আরও বলেন, প্রত্যেক মালিকই এই সিদ্ধান্তে কষ্ট পাচ্ছেন। কিন্তু প্রতিদিন যে পরিমাণ লোকসান হচ্ছে, তা থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না থাকায় মার্কেট বন্ধ করা ছাড়া তাঁদের সামনে আর কোনো বিকল্প ছিল না।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, শপিং কমপ্লেক্স বন্ধের সিদ্ধান্তের আওতায় মূল ভবনের আবাসিক অংশ পড়বে না। সেটি চালু থাকবে।
মতামত দিন