Views Bangladesh Logo

বাড্ডায় চিপস ফ্যাক্টরিতে আগুন, দুই শ্রমিকের মৃত্যু

রাজধানীর পূর্ব বাড্ডার কবরস্থান রোডে একটি চিপস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— ২৩ বছর বয়সী মাহমুদুল হাসান ও ২১ বছর বয়সী মোস্তফা মিয়া।

রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (২৫ মে) ভোর সোয়া ৪টার দিকে বাড্ডা থানাধীন কবরস্থান রোডে আমির হোসেনের চিপস ফ্যাক্টরির ভেতর থেকে অগ্নিকাণ্ডে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতদের সহকর্মী রাকিবুল ইসলাম জানান, রাতে কাজ শেষে ১০ জন শ্রমিক ফ্যাক্টরির ভেতরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে বাইরে থেকে ‘আগুন আগুন’ চিৎকার শুনে তারা জেগে ওঠেন। পরে দেখতে পান কারখানায় আগুন লেগেছে। দ্রুত সবাই বের হয়ে আসতে পারলেও মাহমুদুল হাসান ও মোস্তফা মিয়া বের হতে পারেননি। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, ভবনটি ছিল দুই তলাবিশিষ্ট। নিচতলায় একটি ফার্নিচার কারখানা এবং ওপরের তলায় চিপস ফ্যাক্টরি ছিল।

নিহত মাহমুদুল হাসান রংপুরের তারাগঞ্জ উপজেলার বড় জম্মাপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। অপর নিহত মোস্তফা মিয়া একই উপজেলার চর কাজীপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। তারা পূর্ব বাড্ডার কবরস্থান রোডে আমির হোসেনের চিপস ফ্যাক্টরির ভেতরেই থাকতেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ