Views Bangladesh Logo

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার দুই নারী কারাগারে

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমন্ডি ৩২ নম্বর থেকে গ্রেপ্তার হওয়া দুই নারীকে ছয় মাস আগের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৬ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বিষয়টি জানান।

কারাগারে পাঠানো দুই নারী হলেন সুমা বড়াল ওরফে ডলি এবং জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত।

শনিবার (১৫ আগস্ট) রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গেলে ধানমন্ডি ৩২ নম্বর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

রোববার মামলার তদন্ত কর্মকর্তা আবু সোলায়মান সুমন দুই আসামিকে আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। সুমা বড়ালের পক্ষে আইনজীবী লিটম মিয়া এবং জান্নাতের পক্ষে অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে নিষিদ্ধ সংগঠন মহিলা আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন সদস্য ধানমন্ডির ৩ নম্বর রোডে প্ল্যাকার্ড হাতে সরকারবিরোধী মিছিলের জন্য সমবেত হচ্ছেন—পুলিশ গোপন সূত্রে এমন খবর পায়। সোয়া ৬টার দিকে পুলিশ সেখানে গেলে কয়েকজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যান।

মামলার এজাহার অনুযায়ী, আটক ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকার করেন, বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়ে মিছিল করছিলেন। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

ছয় মাস আগে দায়ের করা ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুমা বড়াল ও জান্নাতুল ফেরদৌসকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ