এয়ার শো চলাকালে সংঘর্ষের পর দুই মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পরপরই বিমান দুটি মাটিতে বিধ্বস্ত হলে সেখানে বিস্ফোরণ ও ধোঁয়ার সৃষ্টি হয়।
এনবিসি নিউজ জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৭ মে) আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোতে এই দুর্ঘটনা ঘটে। তবে বিমানে থাকা চার ক্রু সদস্য শেষ মুহূর্তে ইজেক্ট করে প্রাণে রক্ষা পান। সংঘর্ষে জড়িত ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান।সর্বশেষ সংবাদ
আয়োজকদের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, সামরিক ঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আকাশে সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। পরে মাটিতে আঘাত হানার সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ ঘটে এবং আকাশজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। একই সময় চারটি প্যারাশুট ধীরে ধীরে নিচে নামতে দেখা যায়।
বিধ্বস্ত ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল। এদিকে দুর্ঘটনার পরপরই এয়ার শো বাতিল ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে