রাজধানীতে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ ও বাড্ডা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার পৃথক সময়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে প্রায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং নিয়মিত মাদক সেবন করতেন। অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরিচয় নিশ্চিত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে।
অন্যদিকে, বুধবার সকালে রাজধানীর বাড্ডার গুদারাঘাট লেকপাড় এলাকা থেকে প্রায় ৫০ বছর বয়সী আরেক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মতামত দিন