শাহবাগে পৃথক ফুটপাত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ থানা এলাকার দুটি পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) সকালে শাহবাগ থানা এলাকার আনন্দবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, পথচারীরা ফুটপাতে দুই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত দুই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৫৫ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৬০ বছর।
এসআই আল মামুন বলেন, মৃত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মতামত দিন