ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে গঠন হচ্ছে নতুন দুই ওয়ার্ড
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুটি বিদ্যমান ওয়ার্ড ভাগ করে নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। ২ ও ৬ নম্বর ওয়ার্ড বিভক্ত করে নতুন ওয়ার্ড দুটি গঠন করা হলে ডিএনসিসিতে মোট ওয়ার্ডের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৬টিতে।
নতুন ওয়ার্ড দুটির সীমানা নির্ধারণ করে সুপারিশসহ প্রতিবেদন দিতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ জন্য তাঁকে ৩০ কার্যদিবসের সময় দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে গত ২০ সেপ্টেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ডিএনসিসির ২ ও ৬ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করে পৃথক দুটি নতুন ওয়ার্ড গঠনের প্রস্তাব পাওয়ার কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’-এর ২৭ ও ২৯ ধারা অনুসারে নতুন ওয়ার্ড দুটির সীমানা নির্ধারণ করতে হবে। নির্ধারিত সীমানার বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে জমা দিতে হবে।
সীমানা নির্ধারণের কাজে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকার জেলা প্রশাসকের একজন প্রতিনিধি এবং ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকেও একই দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত নতুন ওয়ার্ড দুটি গঠিত হলে ডিএনসিসির বর্তমান ৫৪টি ওয়ার্ডের সঙ্গে আরও দুটি যুক্ত হবে। ফলে রাজধানীর উত্তর সিটি করপোরেশন এলাকায় প্রশাসনিক ওয়ার্ডের সংখ্যা দাঁড়াবে ৫৬টি।
মতামত দিন