Views Bangladesh Logo

৯ মাস পর পৃথিবীতে ফিরলেন নাসার দুই নভোচারী

মাস মহাকাশে আটকা থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরে আসলেন নাসার দুই নভোচারী। তাদের প্রত্যাবর্তন পরিকল্পনার চেয়ে অনেক বেশি সময় লাগার কারণ ছিল ফিরতি মহাকাশযান বোয়িংয়ের স্টারলাইনারের প্রযুক্তিগত সমস্যা।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকা পড়া এই দুই নভোচারী হলেন সুনীতা "সুনি" উইলিয়ামস (৫৯) এবং ব্যারি "বুচ" উইলমোর (৬২)। তারা দুজনই নাসার অভিজ্ঞ মহাকাশচারী।

আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে যাত্রা শুরু করেন সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর। ১৭ ঘণ্টার যাত্রা শেষে ফ্লোরিডার উপকূলে অবতরণ করেন তারা।

নাসা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে তাদের স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুলটি আইএসএস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে আটলান্টিক মহাসাগরে তাদের মহাকাশযানটি নিরাপদে অবতরণ করে।

নাসার ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর জোয়েল মন্টালবানো বলেছেন, ‘তাদের ধৈর্য এবং অভিযোজন ক্ষমতার জন্য আমরা কৃতজ্ঞ। এটি একটি অবিশ্বাস্য যাত্রা ছিল।’

উইলিয়ামস বর্তমানে আইএসএসের কমান্ডার। এর আগে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন তিনি। তার কর্মজীবনে তিনি মহাকাশে ৩২২ দিন কাটিয়েছেন এবং নয়টি স্পেসওয়াক সম্পন্ন করেছেন।

এ ছাড়াও সর্বাধিক স্পেসওয়াক করা প্রথম নারী মহাকাশচারীর খেতাব অর্জন করেছিলেন উইলিয়ামস। তবে ২০১৭ সালে সেই রেকর্ডটি ভেঙে দেন পেগি হুইটসন, যিনি ১০টি স্পেসওয়াক সম্পন্ন করেন।

অপরদিকে স্পেস শাটল আটলান্টিসের মাধ্যমে ২০০৯ সালে প্রথমবার মহাকাশে যান উইলমোর। এ ছাড়াও বোয়িং স্টারলাইনার মিশনের আগে মহাকাশে ১৭৮ দিন কাটিয়েছিলেন তিনি।

এর আগে আইএসএসের মিশনগুলোতে ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং কমান্ডার হিসেবে কাজ করেছেন উইলমোর। যেখানে তিনি মহাকাশে উদ্ভিদের বৃদ্ধি, মানবদেহে মাইক্রোগ্র্যাভিটির প্রভাব এবং পৃথিবীর পরিবেশগত পরিবর্তন নিয়ে গবেষণা করেছেন।

বোয়িং মিশনে উইলমোর কমান্ডার এবং উইলিয়ামস পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ