Views Bangladesh Logo

হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩১ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এর বাইরে শরীরে হাম শনাক্ত হওয়ার পর আরও ৯৯ জনের মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এরপর রয়েছে সিলেট বিভাগে ১৩৯ জন, ময়মনসিংহে ৭৪, রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, খুলনায় ৩৩ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮১৫ জন রোগী এসেছে। তাদের মধ্যে ৭৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৬৫ জন, রাজশাহীতে ২২, সিলেটে ৯১, চট্টগ্রামে ১৮৮, বরিশালে ১১০, ময়মনসিংহে ৩৯, খুলনায় ২৭ এবং রংপুরে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জনে। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ১৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে। আর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ২৭৩ জনের শরীরে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ