আদাবরে নারীর খণ্ডবিখণ্ড মরদেহের দুই পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টেও শনাক্ত হয়নি পরিচয়
রাজধানীর আদাবরের ১০ নম্বর হাক্কার মোড় এলাকায় ব্যাগ ও খাল থেকে উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড নারীর মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। শনিবার চার টুকরো মরদেহ উদ্ধারের পর আরও দুই পা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা হয়েছে।
রোববার সন্ধ্যা পর্যন্ত নিহত নারীর পরিচয় কিংবা মরদেহের দাবিতে কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার বিকেল ৫টার দিকে আদাবরের ১০ নম্বর হাক্কার মোড় এলাকা থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়। একটি ব্যাকপ্যাকের ভেতর থেকে মাথা ও দুই হাত এবং খালে পড়ে থাকা প্লাস্টিকের বস্তা থেকে শরীর ও দুই পা উদ্ধার করা হয়।
পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থলে পিবিআই সদস্যরা গিয়ে আঙুলের ছাপ সংগ্রহ করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহের অংশগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে আঙুলের ছাপ পরীক্ষা করেও নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিহতের বয়স ১৮ বছরের কম বলে ধারণা করা হচ্ছে। এ কারণে জাতীয় পরিচয়পত্রের সার্ভারে তাঁর তথ্য না থাকার সম্ভাবনা রয়েছে।
পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে হত্যার পর মরদেহটি খালে ফেলে দেওয়া হতে পারে। খালে ময়লা-আবর্জনা থাকলেও সেখানে পানির স্রোত রয়েছে। ফলে কয়েক দিন আগে অন্য কোথাও ফেলে দেওয়া মরদেহটি স্রোতের সঙ্গে ভেসে ওই এলাকায় এসে থাকতে পারে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিচয় বা মরদেহের দাবিতে কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। এ ঘটনায় আদাবর থানায় অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টা থেকে ১২ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার মধ্যে যেকোনো সময় হত্যাকাণ্ডটি ঘটতে পারে। ১২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর মামলাটি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহেশ চন্দ্র সিংহ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন।
মতামত দিন