রায় নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে দুই আইনজীবী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন আইনজীবী হাসানুজ্জামান তুষার ও ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী। এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এই দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। পরে তাদের সশরীরে হাজির হয়ে ফেসবুকে দেওয়া বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে শুনানির জন্য ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।
প্রসিকিউশনের অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আইনজীবী হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী আলাদাভাবে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্ট দুটি ট্রাইব্যুনালের নজরে আসার পর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।
এদিকে দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার প্রতিবাদে বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে অবস্থান নেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
মতামত দিন