Views Bangladesh Logo

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ ২ বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি ও এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

রোববার রাতে পৃথক সময়ে ৫৫ বছর বয়সী সোহরাব হোসাইন ও ৩২ বছর বয়সী মো. আজিম উদ্দিন মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানিয়েছেন।

সোহরাব হোসাইনের কয়েদি নম্বর ৭১৮/এ। গত ১৪ সেপ্টেম্বর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সোহরাব হোসাইন নওগাঁর মান্দা থানার রাঙ্গামাটি গ্রামের উদ্দিনের ছেলে।

অন্যদিকে, আজিম উদ্দিনের হাজতি নম্বর ৭৫৮/এ। রোববার কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজিম উদ্দিনের বাসা ঢাকার আশুলিয়ার শান্তিপাড়া এলাকায়। তার বাবার নাম আব্দুল আহাদ।

সোহরাব হোসাইন ও আজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আমিনুল ইসলাম বলেন, তারা কোন মামলায় কারাবন্দি ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ