Views Bangladesh Logo

নরেন্দ্র মোদির অনুষ্ঠানস্থল থেকে অস্ত্রসহ দুইজন আটক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানস্থল থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে অবস্থিত নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাঁকে এবং তাঁর দেহরক্ষীকে আটক করে। দেহরক্ষীর কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ২৪ বছর বয়সী রোহান পারেখ নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তবে যাচাই করে তাঁর কাছে থাকা পিএমওর পরিচয়পত্রটি ভুয়া বলে জানা যায়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তিন ব্যক্তি সন্দেহজনক একটি সরকারি পরিচয়পত্র ব্যবহার করে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে মলের নিরাপত্তাকর্মীদের বাধা অতিক্রম করে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড প্লাজায় জোর করে প্রবেশ করেন। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রটির বৈধ লাইসেন্স রয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ স্পষ্ট করেছে, ঘটনাটি সোমবার ঘটেছে এবং মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাই সফরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

প্রধানমন্ত্রীর মুম্বাই সফরকে কেন্দ্র করে ঘটনাটি জানাজানি হওয়ার পর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। বন্দুক ও ভুয়া পরিচয়পত্র নিয়ে ভেন্যুতে প্রবেশের উদ্দেশ্য কী ছিল, তা জানতে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করছে মুম্বাই পুলিশ।

ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্তের দায়িত্ব নিয়েছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর উদ্বোধন করবেন। এটি বিশ্বের অন্যতম বড় বার্ষিক ফিনটেক সম্মেলন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ