অফিসকক্ষ থেকে তরুণ ও কিশোরীর মরদেহ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি অফিসকক্ষ থেকে এক তরুণ ও এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়াও যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার ওই অফিসকক্ষ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় আরও এক তরুণকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় তিনজনের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে অফিসকক্ষটি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মারা যাওয়া তরুণের বয়স ২০-২১ বছর হতে পারে। মৃত কিশোরীর বয়স ১৪-১৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর গুরুতর অসুস্থ তরুণের বয়স ২০-২১ বছর হতে পারে।
পুলিশ কর্মকর্তা মধুসূদন দাস আরও বলেন, আজ সকালে অফিসের লোকজন কক্ষটিতে গিয়ে তিনজনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দেখা যায়, দুজন মারা গেছেন। একজন বেঁচে আছেন। তবে তার জ্ঞান ছিল না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে