Views Bangladesh Logo

জাপানে ৩ ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলীয় চিবা ও ইবারাকি প্রিফেকচারে তিন ঘণ্টার ব্যবধানে দু'টি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা ।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির (জেএমএ) তথ্যের বরাত দিয়ে কিয়োডো নিউজ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাত ৪টা ১৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি চিবা প্রিফেকচারের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে। রিখটার স্কেলে ৪.৮ মাত্রার এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

এই ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সকাল ৭টা ১৪ মিনিটে ইবারাকি প্রিফেকচারে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। ৪.০ মাত্রার এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে এবং হিটাচিওমিয়া শহরে এর তীব্রতা ছিল ৩।

আবহাওয়া সংস্থার তথ্যমতে, দুটি ভূমিকম্পের কোনোটি থেকেই সুনামির কোনো ঝুঁকি তৈরি হয়নি এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি জাপানে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের ১ অক্টোবরে চিবায় ৫.১ মাত্রার এবং গত ২৯ সেপ্টেম্বরে দেশের পূর্বাঞ্চলে ৪.৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর আগে গত ২৩ আগস্ট অঞ্চলের ৫.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী টোকিওতে ৪০ জনেরও বেশি মানুষ আহত হন।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ