‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগ ওঠার পর তাদের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান। তিনি দাবি করেন, দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে স্থানীয় অভিভাবকদের উপস্থিতিতে তাদের হল থেকে বের করে দেওয়া হয়।
হল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘অভিযুক্ত দুই শিক্ষার্থীর হলের সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।’
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে এক শিক্ষার্থী জানান, ঘটনাটি নিয়ে তিনি বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত। এ বিষয়ে আর কথা বলতে চান না তিনি। অন্য শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ৩০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে একই ধরনের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এ ছাড়া সম্প্রতি শহীদুল্লাহ হলে হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) এর কক্ষে থাকা দুই অতিথির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছিল।
মতামত দিন